কৃষি ও মৎস্য চাষে আইওটি প্রযুক্তি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

৩ নভেম্বর, ২০২২ ১৬:০৫  
কৃষি ও মৎস্য চাষে আইওটি প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। স্মার্ট ক্লাউড সার্ভিস লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানের নেতৃত্বে ছয় সদস‌্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে প্রসঙ্গক্রমে এ আহ্বান জানান মন্ত্রী। সাক্ষাতকালে উভয়ে ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য টাওয়ার শেয়ারিং, ফাইভ-জি সংযোগ, দেশের ডাটা দেশের মধ‌্যে রাখার প্রয়োজনীয়তা এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন‌্য ক্লাউড সার্ভিসের প্রয়োজনীয়তাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। আলোচনায় ‘ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবেলায় ডাটানিরাপত্তা অপরিহার্য’ স্মরণ করিয়ে দিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘দেশের ডাটা দেশের ভেতর সংরক্ষণ অপরিহার্য। তাই ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব‌্য সব পদক্ষেপ গ্রহণে কাজ করছে।’ এসময় দেশের মধ‌্যে দেশের ডাটা সংরক্ষণ ও নিরাপত্তার বিষয় তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন, ডাটা হচ্ছে আগামী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তার কোন বিকল্প নেই। ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য ফাইভ-জি প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে মন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি উদ‌্যোক্তাদের বিনিয়োগ খুবই সময়োপযোগী বলে উল্লেখ করেন। ডাটা ক্লাউডের মাধ‌্যমে আইওটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি বলেন, ক্লাউড ডাটা সার্ভিস মোবাইল ফোনের তথ‌্য, ফটো বা ভিডিও ই-মেইল, ডিজিটাল কমার্স, ওয়েব হোস্টিং ইত‌্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তনের সূচনা করবে। তিনি স্মার্ট সার্ভিস লিমিটেডকে ক্লা্উড ডাটা সেন্টার প্রতিষ্ঠায় ফাইভ-জি সংযোগ ও টাওয়ার শেয়ারিংসহ সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ব‌্যক্ত করেন। মন্ত্রী স্মার্ট ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠার পাশাপাশি দেশের কৃষি ও মৎস‌্যচাষে আইওটি প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্টদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধিদল ক্লাউড ডাটা সেন্টারের জন‌্য ঢাকা, রাজশাহী, যশোর ও চট্রগ্রামে টাওয়ার লোকেশন হিসেবে তাদের পরিকল্পনার কথা মন্ত্রীকে অবহিত করেন। প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, রিয়ার এডমিরাল ( জুলফিকার আজিজ অব:), তারেক রফি ভুইয়া এবং মো: মইনুল ইসলাম মজুমদার।